দৈনিক খুলনা
The news is by your side.

সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

33

বান্দরবান :

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সাঙ্গু নদীর তিন্দুমুখ ও বড় পাথর (রাজাপাথর) এলাকার মাঝামাঝি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরার তত্ত্বাবধানে তারা বিকেলে তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।

রেমাক্রির পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতের কবলে পড়ে সাত আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন পর্যটক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা টানা দুই দিন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেও তার সন্ধান পাননি।

রোববার সকালে তিন্দুমুখ ও বড় পাথরের মাঝামাঝি এলাকায় মাহিয়ানের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।

তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অং মারমা জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিখোঁজ পর্যটকের মরদেহ শনাক্ত করা হয়। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।