শাহিদুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
বাগেরহাট :
শাহিদুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন স্থানে পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও শরবত বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) কারবালার শহীদদের স্মরণে এবং ইমাম হুসাইন (রা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের অর্থায়নে এবং ‘রং মহল ফর ইয়ুথ’-এর সদস্যদের সহযোগিতায় বিভিন্ন জনবহুল এলাকায় পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম শাওন বলেন, “শাহিদুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাগেরহাট ও খুলনা অঞ্চলের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়েও সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
ফাউন্ডেশনের সহায়তা পাওয়া পথচারী করিমন বিবি বলেন, “সংগঠনটির কাছ থেকে আমরা খাবারের পাশাপাশি শীতের সময় শীতবস্ত্রও পেয়েছি। ভবিষ্যতেও তারা যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকে, সেই দোয়া করি।”
স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। সরকারি ও সামাজিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।