বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাকিবুর হক তামিম (৩৬) খুলনার খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাকিবুর হক তামিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি ভোররাতে মাদক বিক্রির উদ্দেশ্যে আট্টাকী মহাসড়কের পাশে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। ##