দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে উন্নয়ন ও সেবায় আস্থার প্রতীক ইউএনও রেকসোনা খাতুন

23

যশোর:

যশোরের কেশবপুর উপজেলায় প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেশবপুর পৌরসভার প্রশাসক মোছা. রেকসোনা খাতুন।

উপজেলা পরিষদ ও পৌরসভার দায়িত্ব একযোগে পালন করে তিনি জনসেবা, উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

পৌর প্রশাসক হিসেবে তিনি নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নে সরাসরি তদারকি করছেন। তাঁর উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে বলে স্থানীয়রা মনে করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনিক সেবা এখন আগের তুলনায় আরও সহজলভ্য ও কার্যকর হয়েছে। বিভিন্ন সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধান এবং মাঠপর্যায়ে সরাসরি উপস্থিতির কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

উপজেলা ও পৌরসভার বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। জাতীয় দিবস পালন, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগেও তাঁর নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।

এ বিষয়ে ইউএনও ও পৌর প্রশাসক মোছা. রেকসোনা খাতুন বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। কেশবপুরের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় একটি উন্নত, আধুনিক ও সেবাবান্ধব কেশবপুর গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ও সহযোগিতাই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।”

সংশ্লিষ্টদের মতে, সুশাসন, উন্নয়ন ও মানবিক প্রশাসনের সমন্বয়ে কেশবপুরে ইতিবাচক পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তার পেছনে ইউএনও ও পৌর প্রশাসক মোছা. রেকসোনা খাতুনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে উপজেলা ও পৌর প্রশাসনের কার্যক্রমে নতুন গতি এসেছে এবং জনমনে আশাবাদের সঞ্চার হয়েছে। ##