দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত ২২১ জন

15
মোংলা  :

বাগেরহাটের মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি উচ্চ বিদ্যালয়ে একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে ২২১ জন অসহায়, দরিদ্র, দুস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ##