দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে খুলনা জেলা যুবদলের বিক্ষোভ

39

খুলনা :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে খুলনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি।

সমাবেশে জেলা যুবদলের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাবির আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ জেলা যুবদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।