দৈনিক খুলনা
The news is by your side.

অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

26

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্বজনদের বরাতে জানা যায়, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ওই বাসায় যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পরে রিধিকার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে রিধিকা নামে একজন অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ জানান, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার বন্ধু-বান্ধবীরা দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পর রিধিকার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন অনেকে।