ভারতের জনপ্রিয় অভিনেত্রী শালিনী পাণ্ডেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শালিনীকে আপত্তিকর অবস্থায় দেখানো একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, ভিডিওটির সঙ্গে তার বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই এবং এতে তাকে কৃত্রিমভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ধরনের প্রযুক্তির অপব্যবহারে উদ্বেগ প্রকাশ করে শালিনী বলেন, বিশেষ করে নারীদের লক্ষ্য করে কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এআই ব্যবহার করা অত্যন্ত বিরক্তিকর। এমন কর্মকাণ্ডকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রী আরও অনুরোধ করেছেন, কেউ ভিডিওটি দেখে থাকলে সেটি যেন শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করেন। বরং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিডিওটি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে এটি আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে না পড়ে।
শালিনীর এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে এআই প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি। প্রযুক্তির মাধ্যমে কারও ছবি বা ভিডিও বিকৃত করে ভুয়া কনটেন্ট তৈরি করা বর্তমানে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া শালিনী পাণ্ডে পরবর্তীতে তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ‘মহানতি’, ‘জয়েশভাই জোর্দার’ ও ‘মহারাজ’-এর মতো সিনেমায়ও দেখা গেছে তাকে।