দৈনিক খুলনা
The news is by your side.

হরমুজে আটকে থাকা বিপিসির জাহাজ অবশেষে দেশে ফিরছে

99

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় সাড়ে তিন মাস হরমুজ প্রণালিতে আটকে থাকার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্রুড অয়েলবাহী জাহাজ ‘এমটি নর্ডিক পোলাক্স’ আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশে পৌঁছাবে।

সোমবার (৬ জুলাই) জাহাজটির দেশে পৌঁছানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা একদিন পিছিয়ে যায়। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।

বিএসসি সূত্র জানায়, সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে ১ লাখ ৮ হাজার ৬২৫ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশে আসার পথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হওয়ায় গত ৩ মার্চ থেকে আটকে পড়ে ‘এমটি নর্ডিক পোলাক্স’। প্রায় ১১২ দিন পর গত ২২ জুন জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এই চালানে ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য বিপিসির আমদানিকৃত ক্রুড অয়েল রয়েছে। বিপিসির শতভাগ ক্রুড অয়েল পরিবহন করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ ক্ষেত্রে বিএসসির চার্টার্ড প্রতিষ্ঠান নর্ভিক এনার্জির মাধ্যমে জাহাজটি ভাড়া নেওয়া হয়েছে।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে কুতুবদিয়া অ্যাংকরে অবস্থান করছে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি ট্যাংকার, যা সৌদি আরব থেকে আনা ১ লাখ ২ হাজার ২৮০ টন এরাবিয়ান লাইট ক্রুড অয়েল খালাস করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকেও নিয়মিত মারবান লাইট ক্রুড অয়েল আমদানি করা হচ্ছে।

উল্লেখ্য, বিপিসির মালিকানাধীন দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় শতভাগ অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়।