দৈনিক খুলনা
The news is by your side.

রিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে চসিকের ৩,৩০০ কর্মী পেলেন রেইনকোট

21

বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় ৩ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে রেইনকোট বিতরণ শুরু হয়েছে।

সোমবার (৬ জুলাই) টাইগারপাসে চসিকের প্রধান কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে রেইনকোট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় মেয়র বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ওপর নগরবাসীর স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমান অনেকাংশে নির্ভরশীল। তাই বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।

বর্জ্য পরিবহনের ক্ষেত্রে খোলা ট্রাক ব্যবহার না করার নির্দেশ দিয়ে মেয়র বলেন, খোলা ট্রাকে আবর্জনা বহনের ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সড়কে বর্জ্য পড়ে পরিবেশ দূষণ সৃষ্টি হয়। তাই নির্ধারিত নিয়ম অনুসরণ করে বর্জ্য পরিবহন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পরিচ্ছন্নতাকর্মী এবং নগরবাসী—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।