জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক আইনজীবীকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ এমরান (৪৫)।
সোমবার (২২ জুন) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ জুন চাঁদপুর সদর এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক নারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদকসেবন করেন এবং প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। অভিযোগে তিনি আরও জানান, ওই সময় তার স্বামী বাসায় মাদক সেবন করছিলেন এবং তার কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে।
অভিযোগ পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর থানাকে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং অভিযান সমন্বয় করেন পুলিশ ডিসপাচার রাজু মিয়া।
পরে চাঁদপুর সদর থানার এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাড়ি থেকে অ্যাডভোকেট এমরানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।