দৈনিক খুলনা
The news is by your side.

নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জুবাইদা রহমানের

46

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে অংশ নেন।

হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘Fostering the Future Together’ কর্মসূচিকে ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানের পর ‘Fostering the Future Together’ জোটে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৫৭-তে দাঁড়িয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘Fostering the Future Together’ বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে ৪৫টি দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।

মার্চের সম্মেলনে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারের মতো বিষয় নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।