দৈনিক খুলনা
The news is by your side.

বিটিটিবির অর্থ আত্মসাতের ২৭ বছর পুরোনো মামলায় তিন সাবেক কর্মকর্তার কারাদণ্ড

20

চট্টগ্রাম :

বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি) চট্টগ্রাম কার্যালয়ের অর্থ আত্মসাতের ২৭ বছর পুরোনো মামলায় তিন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিটিটিবির সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম, সাদিকুর রহমান খান এবং সাবেক উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন। তারা বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৪০৯ ধারায় তিন আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪২০ ধারায় ৭ বছর, ৪৬৭ ধারায় ১০ বছর, ৪৬৮ ও ৪৭১ ধারায় ৫ বছর এবং ৪৭৭(এ) ধারায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম রনি জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৪ সালে বিটিটিবির বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) কার্যালয়ে কর্মরত অবস্থায় ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন ২৪টি চেকের অঙ্ক পরিবর্তন করে অনুমোদিত অর্থের অতিরিক্ত প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করেন। ওই অর্থ ক্যাশবুকে লিপিবদ্ধ করা হয়নি এবং সরকারি কোষাগারেও জমা দেওয়া হয়নি। তদন্তে তৎকালীন বিভাগীয় প্রকৌশলী কামরুল আলম ও সাদিকুর রহমান খানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় ১৯৯৯ সালের ৩১ অক্টোবর নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুদক তদন্ত শেষে ২০১৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৪ সালের ৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।