দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ ভিত্তিহীন, দাবি টোয়াসের

36

মোংলা :

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামের সংবাদটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

শাহ জামান খান পপুল বলেন, বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলে নিশ্চিত হওয়া গেছে। আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সুন্দরবনের পর্যটন ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। পর্যটন খাত নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত সংবাদ যাচাই করে দ্রুত প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে টোয়াসের কার্যকরী সভাপতি মো. আল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম, সদস্য মো. ইমাদুল হাওলাদার ও সদস্য সৈয়দ সাহরিয়ার তাকিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার রাতে সুন্দরবনের কটকা এলাকায় পর্যটনবাহী জাহাজে দস্যুদের হামলার চেষ্টার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে বন বিভাগের পক্ষ থেকে পর্যটকবাহী কোনো নৌযানে হামলার ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।