দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতের আহ্বান

35

 বাগেরহাট:

‘শিক্ষকের মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক’—এমন প্রত্যাশা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষা উপকরণের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।