সাতক্ষীরা :
সাতক্ষীরায় অনাহারে-অর্ধাহারে দিন কাটানো শতবর্ষী অসহায় বৃদ্ধা আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা প্রশাসন। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার সকালে তার বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সম্প্রতি ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামের আছিয়া বেগমের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের। পরে তার নির্দেশনায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তার ব্যবস্থা করেন।
মাইটিভির ক্যামেরাম্যান একরামুজ্জামান জনি ও বাংলাভিশনের ক্যামেরাম্যান রাকিবের মাধ্যমে আছিয়া বেগমের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ভোজ্যতেল, লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় নিত্যপণ্য।
উল্লেখ্য, সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি নির্জন এলাকায় বসবাস করেন শতবর্ষী আছিয়া বেগম। প্রায় ২০ বছর আগে তার স্বামী ময়েজউদ্দিন ঢালী মারা যান। দুই ছেলে নিজেদের অভাব-অনটন ও অসুস্থতার কারণে বৃদ্ধ মায়ের দায়িত্ব নিতে পারেননি। দুই মেয়েও স্বামীর সংসারে কষ্টে দিনযাপন করছেন।
বর্তমানে সরকারের বয়স্ক ভাতার ৬০০ টাকাই তার বেঁচে থাকার প্রধান অবলম্বন। গত ২০ জুন সরেজমিনে দেখা যায়, একটি জরাজীর্ণ টিনের ঘরে অত্যন্ত মানবেতর অবস্থায় বসবাস করছেন তিনি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে এবং সেখানে ন্যূনতম জীবনযাপনের সুযোগ-সুবিধাও নেই।
সদর প্রশাসনের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আছিয়া বেগম। স্থানীয়রা জানান, তার জন্য একটি স্থায়ী বাসস্থান ও নিয়মিত সহায়তার ব্যবস্থা করা হলে জীবনের শেষ সময়টুকু স্বস্তিতে কাটাতে পারবেন তিনি। ##