দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান

27

সাতক্ষীরা :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরায় একটি রাউন্ড টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় অবস্থিত ‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট’ (হেড)-এর প্রধান কার্যালয়ে ‘জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে সম্প্রীতি এইড ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং উপকূলীয় জেলা সাতক্ষীরা এ সংকটের সম্মুখসারিতে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা ও জীবিকা সংকট এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে।

তারা বলেন, স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে নানা অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণ করলেও তাদের অভিজ্ঞতা, সাফল্য এবং নীতিগত দাবিগুলো জাতীয় পর্যায়ে যথাযথভাবে প্রতিফলিত হয় না। এ ক্ষেত্রে স্থানীয় গণমাধ্যম মাঠপর্যায়ের বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় জানানো হয়, সাতক্ষীরার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সহযোগিতায় ধারাবাহিক ‘জলবায়ু ন্যায়বিচার’ বিষয়ক কলাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত সংকট, অভিযোজন কৌশল এবং স্থানীয় অভিজ্ঞতাভিত্তিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হবে।

আলোচনায় স্থানীয় গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সংবেদনশীল সাংবাদিকতা চর্চা, তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর দাবিগুলো তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং সমন্বয়কারী রেহেনা পারভিন।

মুক্ত আলোচনায় অংশ নেন চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাংবাদিক ফারুক রহমান, আলতাফ হোসেন বাবু, কৃষ্ণ মোহন ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, বিপ্লব হোসেন, নাজমুল শাহাদাত জাকির, মিলন বিশ্বাস, মৃত্যুঞ্জয় ও সরদার আবু সাইদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু ন্যায়বিচার বিষয়ক সংবাদ পরিবেশনের পরিধি ও মান বৃদ্ধি করবে এবং গণমাধ্যম, নাগরিক সমাজ ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।