দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, গুরুতর কয়েকজন

22

মোংলা :
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনাগামী এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে থাকা যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৫ থেকে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অপর আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আহতদের বেশিরভাগই মোংলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

দুর্ঘটনার জন্য বাস নাকি ট্রাক চালকের গাফিলতি দায়ী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।