সাতক্ষীরা :
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ নিরসনে করণীয় নির্ধারণে সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কাউসার আজিজ।
সভায় সীমান্ত এলাকায় অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রাখা, শহরের যানজট নিরসনে বাস থামার নির্দিষ্ট স্থান চিহ্নিতকরণ, বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ, মাদকবিরোধী অভিযান জোরদার, সুন্দরবনে জলদস্যু দমনে বিশেষ অভিযান পরিচালনা, সরকারি খাসজমি উদ্ধার, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।