সাতক্ষীরা :
জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, বহুপাক্ষিক অংশীদারিত্ব এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের পানসি কনফারেন্স হলে ‘জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে জলবায়ু সহনশীলতা জোরদারকরণ’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা হেড, সহযোগিতায় ছিল সম্প্রীতি এইড ফাউন্ডেশন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও জীববৈচিত্র্যের ক্ষয় বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ, ব্যাপক বৃক্ষরোপণ এবং যুব ও নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সহকারী সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বক্তব্য দেন।
বক্তারা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জেলা পর্যায়ে কার্যকর সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপকূলীয় জনগণের স্বার্থ রক্ষায় জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।