দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল-সমাবেশ

25

শার্শা :

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাভারন বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে নাভারন বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহীন, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানিতে না গিয়ে শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।