নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, “আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও আপনারা প্রশংসা করবেন ইনশাআল্লাহ। এ জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।”
নির্বাচন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ভোটের সময় মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি রিয়েল টাইমে নির্বাচন ভবন থেকে মনিটর করা হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
সিইসি জানান, নির্বাচনি মাঠের বর্তমান পরিবেশ ভালো রয়েছে। উপনির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক সদস্য মাঠে মোতায়েন রাখার বিষয়ে আলোচনা হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। উপনির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিও গঠন করেছে ইসি।
এ উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে। ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
ইসি জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরবর্তী সময়ে নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।