দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়ি ও পানের বরজে আগুন

25

 বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামে একটি পানের বরজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা খাতুন কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মুসলিমা ও অপর এক শিশু পাশের বাড়ির একটি পানের বরজের পাশে খেলছিল। সন্ধ্যার পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা পানের বরজের পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বসতবাড়ি ও পানের বরজে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের ধাক্কাধাক্কি ও হামলার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির বসতবাড়ি ও পানের বরজে আগুন দিয়েছে। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।