সাতক্ষীরা :
আধুনিক সাতক্ষীরার রূপকার ও দৈনিক পত্রদূতের সম্পাদক শহীদ স. ম. আলাউদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দৈনিক পত্রদূতের মাধ্যমে স. ম. আলাউদ্দীন অন্যায়, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালের ১৯ জুন রাতে পত্রিকা কার্যালয়ে কর্মরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সাতক্ষীরাবাসী হতাশ।
তারা আরও বলেন, ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠা, পরিকল্পিত চিংড়ি চাষ, বেতনা নদী খনন আন্দোলন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে স. ম. আলাউদ্দীনের অবদান আজও স্মরণীয়। তিনি ছিলেন একজন সমাজসেবক, উদ্যোক্তা ও গণমানুষের কণ্ঠস্বর।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কালী দাস রায়, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, আহসানুর রহমান রাজিবসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সভায় বক্তারা শহীদ সাংবাদিক স. ম. আলাউদ্দীনের হত্যারহস্য উদঘাটন ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।