খুলনা :
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সেবা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে রূপসা উপজেলার সাধারণ মানুষকে অবহিত করতে আজ (বুধবার, ৮ জুলাই) রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)। তিনি কেডিএর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং খুলনা মহানগর ও আশপাশের এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রণীত মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরবেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রশ্ন, মতামত ও পরামর্শ গ্রহণ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি স্থানীয় উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং সরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা রিক্তা। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততা এবং সরকারি সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বক্তব্য রাখবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো কেডিএর সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরা এবং স্থানীয় জনগণের মতামত ও পরামর্শ সংগ্রহ করা। বিশেষ করে আবাসন, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, নগরায়ণ, শিল্পায়ন, জনসেবামূলক অবকাঠামো উন্নয়ন এবং পরিকল্পিত নগর গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সভায় কেডিএর কর্মকর্তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনসাধারণ কীভাবে কেডিএর বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন সে বিষয়েও তথ্য উপস্থাপন করবেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।
আয়োজকদের মতে, পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যাশা, সমস্যা ও পরামর্শ সরাসরি জানার সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময়ে আরও বক্তৃতা করেন কেডিএ’র সদস্য রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, খুলনা জেলা রেড ক্রিসেন্ট’র সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু, রাজনীতিবীদ ও সমাজসেবক জিএম কামরুজ্জামান টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান সাইফ প্রমুখ।।