দৈনিক খুলনা
The news is by your side.

যশোর সীমান্তে ৮ কেজি রৌপ্য ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৪

31

বেনাপোল :
যশোর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮ কেজি রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ এবং ১ হাজার ২৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, একটি মোবাইল ফোন ও ১৮ হাজার ৩৩০ টাকা জব্দ করে। এ সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)-কে আটক করা হয়। তার বহন করা ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় রৌপ্যের চালানটি পাওয়া যায়।

অন্যদিকে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭৪ বোতল ESKUF সিরাপ, ২৬৯ বোতল WINCREX সিরাপ এবং ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় শার্শা উপজেলার বাউন্ডারী গ্রামের আবু বকর (৩৬), মিনাজ (২৩) এবং বশির (১৮)-কে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত রৌপ্য ও মাদকের মোট সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে মাদকসহ তিনজনকে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক রবিউল ইসলামকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম চলমান থাকবে।