মোরেলগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
মোরেলগঞ্জ :
বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে এক স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানচালক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী মেয়ে মীম আক্তার শনিবার রাত ৮টার দিকে শারীরিক অসুস্থতা নিয়ে নিজ বাড়িতে মারা যান। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় নিহতের বাবা মিলন জোমাদ্দার বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে মামলার একমাত্র আসামি হিসেবে গ্রেফতার দেখায়।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।