দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ইপিজেড শ্রমিকের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

21

মোংলা :
মোংলা ইপিজেডের একটি কারখানায় কর্মরত অবস্থায় হাত বিচ্ছিন্ন হওয়া শ্রমিক মোঃ গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মোংলার উত্তর চাঁদপাই বাজার মোড়ে চাঁদপাই গ্রামবাসী ও গোলাম রসুলের স্বজনদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কারখানার মেশিনে গোলাম রসুলের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তাকে যথাসময়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, শ্রমিক সংকটের কারণে অতিরিক্ত কাজের চাপ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মোংলা নাগরিক সমাজের সভাপতি নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয় ও পরিবেশকর্মী মেহেদী হাসান।

বক্তারা গোলাম রসুলের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং তার পরিবারের দায়িত্ব গ্রহণে সংশ্লিষ্ট কোম্পানির প্রতি আহ্বান জানান। এছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।