সাতক্ষীরা :
প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে উপকূলীয় জনগণকে সুরক্ষা দিতে সাতক্ষীরার আশাশুনিতে দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনির বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলে এ অভিযোজন দুর্গের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান।
বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুল ও ব্র্যাকের যৌথ উদ্যোগে নির্মিত এ অভিযোজন দুর্গ তীব্র তাপদাহের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। সৌরবিদ্যুৎ, ব্যাটারি ব্যাকআপ, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা ও উন্নত স্যানিটেশন সুবিধা সম্বলিত এ কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময়ও সচল থাকবে।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে তাপপ্রবাহের ঝুঁকি বাড়বে। সেই বাস্তবতায় উপকূলীয় মানুষের সুরক্ষায় এ ধরনের অভিযোজনমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, যশোরের কেশবপুরে দ্বিতীয় অভিযোজন দুর্গ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ হাজার অভিযোজন দুর্গ স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।