দৈনিক খুলনা
The news is by your side.

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব

26

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট (মূসক) অব্যাহতি সুবিধা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাব অনুযায়ী, মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্য উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও সাশ্রয়ী রাখতে মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপনিয়ন্ত্রিত রেলসেবার টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালুর পর থেকে এ সেবার ওপর ভ্যাট কার্যকর করা হয়নি।

২০২৪ সালের জুলাই মাসে মেট্রোরেলে ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হলেও যাত্রীদের আপত্তি এবং সরকারের সিদ্ধান্তের কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত রাখে। সর্বশেষ প্রজ্ঞাপনে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বহাল রাখা হয়েছিল।

নতুন প্রস্তাবে ভ্যাট অব্যাহতির পাশাপাশি ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলে ভ্রমণে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ ট্রেনে তারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আরও জানান, রাজধানীতে সমন্বিত ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগও গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা চালু হলে গণপরিবহন ব্যবহারে মানুষ আরও উৎসাহিত হবে এবং নগর পরিবহন ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব পড়বে।