দৈনিক খুলনা
The news is by your side.

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইসিকে ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

29

ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন কমিশনের (ইসি) চলমান কার্যক্রম পরিচালনার জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট প্রস্তাব অনুযায়ী, এ অর্থের মাধ্যমে দুটি সিটি করপোরেশন নির্বাচন, চারটি পৌরসভার সাধারণ নির্বাচন, ১০টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং ১০টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আয়োজন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের পাশাপাশি ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রমেও এ বরাদ্দ ব্যয় করা হবে।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রমকে আরও আধুনিক ও নিরাপদ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এনআইডি সিস্টেমকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) কমন প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা এবং প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বাজেটের আওতায় সাইবার সেন্সর সিস্টেম স্থাপনসহ তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন ব্যবস্থার আধুনিকায়ন, ভোটার তালিকা হালনাগাদ এবং এনআইডি সেবার নিরাপত্তা জোরদারে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রেও এটি সহায়ক হবে।