দৈনিক খুলনা
The news is by your side.

“মৃত সেনা সদস্যের পরিবার পেল সেনাবাহিনীর নির্মিত নতুন ঘর”

13

বাগেরহাট :
মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাটের মোরেলগঞ্জে প্রয়াত এক সেনা সদস্যের পরিবারের জন্য নিরাপদ বসবাসের উপযোগী একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি নির্মিত ঘরের চাবি মৃত কর্পোরাল শরিফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন)-এর স্ত্রী সারমিন আক্তারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিক ও পেশাগত দায়িত্ব। প্রয়াত কর্পোরাল শরিফুল ইসলামের পরিবারের জন্য একটি নিরাপদ আবাসন নিশ্চিত করতে পেরে সেনাবাহিনী গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মত্যাগকারী সদস্যদের পরিবারের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানে প্রয়াত কর্পোরাল শরিফুল ইসলামের দুই শিশু সন্তান সুরাইয়া জান্নাত সেফা (৯) ও সাবিহা জান্নাত (৪), স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ঘরটি পেয়ে নিহত সেনা সদস্যের পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।