দৈনিক খুলনা
The news is by your side.

“এক রাতে দুই মৎস্য ঘেরে বিষ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ”

13

মোল্লা, বাগেরহাট :
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে রাতের আঁধারে দুটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা।

বুধবার (১ জুলাই) ভোর রাতে উপজেলার দক্ষিণ খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এবং একই এলাকার বাসিন্দা অলোক শেখের ছেলে জালাল শেখের দুটি মৎস্য ঘেরে গভীর রাতে বিষ প্রয়োগ করা হয়। এতে ঘেরে থাকা বড় আকারের গলদা চিংড়ি, রেণু এবং বিভিন্ন প্রজাতির সাদা মাছ মারা যায়। দুর্বৃত্তরা কিছু মাছ নিয়ে গেলেও অবশিষ্ট মাছ বিষক্রিয়ায় পচে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, দুটি ঘেরে থাকা মাছের বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি।

ঘের মালিক ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান বলেন, “গভীর রাতে পরিকল্পিতভাবে আমাদের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমার ধারণা, এলাকার মাদকসেবী কিংবা সুন্দরবনে প্রশাসনের কঠোর নজরদারির কারণে লোকালয়ে সক্রিয় হয়ে ওঠা ডাকাত চক্রের সদস্যরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, “বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”