বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১,৭০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল ও অপারেশন পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার (২ জুন) সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়।
টহলরত নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে সন্দেহজনক গতিবিধির দুটি কাঠের ফিশিং বোট শনাক্ত করে। পরে ধাওয়া করে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে ‘মা-২’ বোট থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত ২০ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, অধিক মুনাফার আশায় তারা সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অভিযান শেষে উদ্ধার করা সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা-এ হস্তান্তর করা হয়েছে।