দৈনিক খুলনা
The news is by your side.

ফরিদপুরের আলোচিত রিক্তা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

8

নিজস্ব প্রতিবেদক:ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলোচিত রিক্তা আক্তার হত্যা মামলার প্রধান দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী বাজার ও ভাট্রাইধোবা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ ও ৪ নম্বর আসামি জুয়েল মীর (২৮) ও রীবা বেগমকে (৪৭) গ্রেফতার করা হয়। তারা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা।

গ্রেফতারকৃত জুয়েল মীর নিহত রিক্তা আক্তারের স্বামী এবং রীবা বেগম তার শাশুড়ি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রিক্তা আক্তারের ওপর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দীর্ঘদিন এসব নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন।

নির্যাতনের এক পর্যায়ে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি রিক্তা আক্তার রহস্যজনকভাবে মারা যান। এ ঘটনায় তার বোন জামাই হাফেজ আকরাম মাতব্বর বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।