প্রতিবেদন:
মাগুরা প্রতিনিধি | দৈনিক খুলনা
মাগুরা জেলা কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা কারাগারের মূল ফটকে নিয়মিত তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. দবির মোল্লা (৪০)। তিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা এবং মোতালেব মোল্লার ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কারাগারের প্রবেশপথে দায়িত্ব পালনরত কারারক্ষী মো. রফিকুল ইসলাম দর্শনার্থী দবির মোল্লার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কারাগারের ফটকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় দবির মোল্লাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারা সূত্রে আরও জানা গেছে, দবির মোল্লা মাদক মামলায় আটক তার স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে এসেছিলেন। তন্বী খাতুন গত ৯ জুন মাদক মামলায় গ্রেফতার হয়ে মাগুরা জেলা কারাগারে বন্দি হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে সরবরাহ করা অথবা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে তিনি গাঁজা নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে এবং আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।