আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে দেশের প্রতিটি পূজামণ্ডপে পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের পাশাপাশি ঘুমহীন প্রহরীর মতো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়া এবং বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলার জন্যও সতর্ক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী বলেন, দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং সবার সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
দেশের বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দলের নেতাকর্মীরা কীভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন।