দৈনিক খুলনা
The news is by your side.

তরুণীকে শ্লীলতাহানি করায় বয়স্ককে মারধর, মারধরকারীকে খুঁজছে পুলিশ

30

সম্প্রতি, এক বয়স্ক ব্যক্তি কান ধরে আছেন এবং এক যুবক রাস্তায় মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, বয়স্ক ব্যক্তিটির ওপর ‘মব’ করা হয়েছে। আবার একই ভিডিও যুক্ত করে ‘আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির’ কথাও বলা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিগুলোর সাথে বাস্তবতা ভিন্ন।

ধানমন্ডি থানা পুলিশ কালবেলা অনলাইনকে জানিয়েছে, মারধরের শিকার বয়স্ক ব্যক্তি ২৮ বছর বয়সী এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এটি নিয়ে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করতে থাকেন। কিন্তু, সব ছাপিয়ে আলোচনায় আসে এক যুবকের মারধরের বিষয়। আইন হাতে তুলে নেওয়ায় ওই যুবককে এখন খুঁজছে পুলিশ। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত বয়স্ক ব্যক্তির এক মাসের সাজা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ঘটনাটি ‘বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট’-এর আশপাশে। এই সূত্র ধরে অনুসন্ধানে স্থানটির জিও লোকেশন খুঁজে বের করে কালবেলা। জিও লোকেশন সূত্রে জানা যায়, ঘটনাটি সাতমসজিদ রোডের ধানমন্ডি ২৭ ট্রাফিক পুলিশ বক্সের পাশের ঘটনা

এরপর ঘটনাটি সম্পর্কে জানতে ধানমন্ডি থানায় যোগাযোগ করে কালবেলা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঘটনাটি গতকাল (১২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকাল তিনটার দিকের। বয়স্ক ব্যক্তিটি ইভটিজার, নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ। অভিযুক্ত শহীদ আব্দুল্লাহ আল মাসুদ এক নারীকে শ্লীলতাহানি করে। মাসুদ এটি স্বীকারও করেছে।’

ওসি বলেন, ‘শ্লীলতাহানি করায় মাসুদকে পথচারীরা আটকে মারধর করেছে। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়। ভুক্তভোগী নারীকে মামলা করার কথা বলা হলে তিনি অস্বীকৃতি জানান। পরে পুলিশ মোবাইল কোর্টে আজ চালান করে দিয়েছে অভিযুক্তকে। এরইমধ্যে তার এক মাসের সাজাও হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মারধরকারী ব্যক্তি, যে লাথি মেরেছেন, সাদা শার্ট পরা তাকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে। তিনি মারধর করার অধিকার রাখেন না।’