দৈনিক খুলনা
The news is by your side.

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: জেলা প্রশাসক

34

বাগেরহাট:

স্মার্ট, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং সরকারের ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন

শনিবার (১১ জুলাই) বাগেরহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ-২০২৬-এর অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “ভূমি প্রশাসন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাখাত। সাধারণ মানুষ যেন ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। ডিজিটাল ভূমি সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে সকল ভূমি কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনটি শুধু ভূমি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও অধিকার রক্ষায় নয়, সাধারণ মানুষের মানসম্মত ভূমিসেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি এ.কে.এম শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমিটির সভাপতি অপুপ দাশ, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, ভূমি কর্মকর্তা মো. উজ্জল মাহমুদ এবং সরকারি প্রকৌশলী মহসিন আলী

অনুষ্ঠানে বিগত কমিটির সাবেক সভাপতি চন্দ্র শেখর বসু নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ.কে.এম শহিদুল ইসলাম। সহ-সভাপতি হয়েছেন শেখ নেয়ামত আলীগাজী শামীম আহসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলমমফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিন্টু কুমার সাহা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছিব শেখ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক তুহিন প্রধান, অর্থ সম্পাদক এইচ. এম. আনিচুর রহমান, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম এবং মহিলা সম্পাদক দিলরুবা আক্তার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাগর সেন, টিটুল মণ্ডল, আব্দুস সালাম, মালেক মোড়ল, পলাশ কুমার দাস, মো. রাজু আহমেদ এবং মো. মামুন সরদার

অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কর্মরত ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।