দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল ইমিগ্রেশনে আটক ঝিনাইদহের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি

18

বেনাপোল :

ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশত্যাগের চেষ্টা করার সময় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের সময় তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) অনুযায়ী ঝিনাইদহ থানায় দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি (মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪) এর ধারা ৮/৯/১০/১১/১২/১৩-এর আওতাভুক্ত হওয়ায় তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, স্টপলিস্টে নাম থাকায় শাহরিয়ার করিমকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আটক ব্যক্তির বিষয়ে ঝিনাইদহ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে তাদের হেফাজতে নিয়ে যাবে।