দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্বকাপ শেষ হতেই কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

30

আন্তর্জাতিক ডেস্ক:

এবারের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম সহ-আয়োজক ছিল কানাডা। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই প্রতিবেশী দেশটির ওপর বড় ধরনের বাণিজ্যিক চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

মার্কিন প্রশাসনের দাবি, গাড়িশিল্প, অ্যালকোহলযুক্ত পানীয় এবং দুগ্ধজাত পণ্যে কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতি অসদুপায় অবলম্বন করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে নতুন এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য দপ্তরের এ ঘোষণার ফলে দুই প্রতিবেশী ও দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব দুই দেশের বাজার ছাড়িয়ে বৈশ্বিক বাণিজ্যেও পড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে।

হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অতীতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির জবাবে কানাডা পাল্টা বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই প্রেক্ষাপটেই প্রেসিডেন্ট ট্রাম্প ১৯৩০ সালের মার্কিন বাণিজ্য আইনের বিশেষ ধারার আওতায় নতুন এই শুল্ক আদেশে স্বাক্ষর করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (USMCA)-এর আওতায় এতদিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া অধিকাংশ কানাডীয় পণ্যের ওপর এখন থেকে ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। তবে জ্বালানি পণ্য, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে কার্যকর হওয়া ইউএসএমসিএ চুক্তি নবায়ন না করায় দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। এর আগে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগও খোলা থাকবে।