দৈনিক খুলনা
The news is by your side.

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

26

মোংলা :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেছে পৌর বিএনপি।

বুধবার সকালে পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন। পরে তিনি মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফলজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জুলফিকার আলী বলেন, “আমাদের ‘মা’ আছে, সেই ‘মা’ হলো সুন্দরবন। ঝড়-জলোচ্ছ্বাসের সময় সুন্দরবন বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবেশের ওপরও এর প্রভাব পড়ে। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাইকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করতে হবে।”

তিনি আরও বলেন, মোংলা বন্দরের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম ও জসিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।