দৈনিক খুলনা
The news is by your side.

সবুজে সাজবে আগামী, উজ্জ্বল স্মৃতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

30

কেশবপুর :

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংঘ।

সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেশবপুরের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কেশবপুরের দারুন উলুম মাদ্রাসা, মিতা উল উলুম মাদ্রাসা, মজিদপুর কাওমি মাদ্রাসা এবং মজিদপুর পূর্বপাড়া মসজিদ ও এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণকালে উজ্জ্বল স্মৃতি সংঘের সভাপতি মাসুদ পারভেজ শহীদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তাদিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হাকিম, প্রচার সম্পাদক জাহিদ বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মফিজুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ।

এ ছাড়া সংগঠনের সদস্য রুবেল, এনামুল ইসলাম, রবিউল ইসলাম ও শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও উজ্জ্বল স্মৃতি সংঘের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশ’—এই প্রত্যয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষায় নিজেদের অবস্থান জানান দিয়েছে উজ্জ্বল স্মৃতি সংঘ।