দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে চৌকিদার ও ছেলের হামলার অভিযোগে দোকানদার আহত

27

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জেরে স্থানীয় এক গ্রাম পুলিশ সদস্য ও তার ছেলের হামলার অভিযোগে শ্রীবাস হালদার নামে এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সঞ্জয় হালদার পূর্বশত্রুতার জেরে শ্রীবাস হালদারের বাড়ির সামনে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সঞ্জয় হালদার ও তার ছেলে শাওন হালদার শ্রীবাস হালদারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় শাওন হালদার ইট দিয়ে শ্রীবাস হালদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সঞ্জয় হালদার ও তার ছেলে শাওন হালদারের বক্তব্য পাওয়া যায়নি।