দৈনিক খুলনা
The news is by your side.

বর্ষা মৌসুমে সুরেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি

277

বর্ষা মৌসুম উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স)-এর উদ্যোগে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। তিনি একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, বর্ষা মৌসুমে সুরেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, বৃক্ষরোপণ মানবজীবন ও পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। গাছ মানুষের জন্য বিশুদ্ধ অক্সিজেনের প্রধান উৎস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার সামাজিক দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করতে হবে। যা সুরেক্স গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরেক্সের সভাপতি লে. শেখ মিজানুর রহমান (বিএনসিসিও) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজল।

বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক চৈতি গাঙ্গুলী ও সদস্য সচিব রিফাত হোসেন ইমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেক্সের যুগ্ম সম্পাদক মো. ফরমান আলী নয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেবুব হাসান মামুন, মো. আমিনুল ইসলাম সোহেল, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাত্তার হীরা, সদস্য কাজী বায়েজিদ হোসেন জুয়েল, রাকিব হাসান, সুমাইয়া রিয়া, আকাশ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সুরেক্সের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন সম্প্রসারণে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন অব্যহত রয়েছে।