দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটায় ঘেরের টাকা নিয়ে বিরোধ, আহত ১

40

 বটিয়াঘাটা :

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গরিয়াডাঙ্গা গ্রামে ঘেরের আয়ের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই স্বজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পলাশ হালদার (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত পলাশ হালদার উপজেলার গরিয়াডাঙ্গা গ্রামের মৃত গৌরহরি হালদারের ছেলে।

আহতের অভিযোগ, ঘেরের আয় থেকে শান্তনু হালদারের প্রাপ্য ১১ হাজার ৫০ টাকার মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করার পর অবশিষ্ট ১ হাজার ৫০ টাকা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে শান্তনু হালদার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে অভিযুক্ত একটি দেশীয় ধারালো দা নিয়ে হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় স্থানীয় লোকজন ও আহতের স্ত্রী লাজু হালদার এগিয়ে এসে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসাধীন পলাশ হালদার জানান, সুস্থ হওয়ার পর তিনি বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

স্থানীয়দের ভাষ্য, ঘেরের আয়-ব্যয় ও টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান এবং প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শান্তনু হালদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।