সাতক্ষীরা:
সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন একটি খালে এ বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাওসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এটি সাময়িক কর্মসূচি নয়, বরং নিয়মিত কার্যক্রমে পরিণত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের জন্য খালের স্বাভাবিক প্রবাহে অবৈধ নেট-পাটা ও বাঁধ দিয়ে লাখো মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সবাইকে নিজ উদ্যোগে খালের সব অবৈধ বাঁধ ও নেট-পাটা অপসারণ করতে হবে। অন্যথায় প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
সরকারি এ অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা খালের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অবৈধ নেট-পাটা অপসারণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন।