দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে রেণুপোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা নিক্ষেপে আতঙ্ক

34

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে রেণুপোনা ব্যবসায়ী মাহাবুব মল্লিকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদল বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে সাতশৈয়া গ্রামের মাহাতাব মল্লিকের ছেলে মাহাবুব মল্লিকের বাড়ির লোহার গেটের তালা ভেঙে ৫-৬ জনের একটি দল ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়।

অভিযোগ অনুযায়ী, ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইনের অংশবিশেষ ছিনিয়ে নেয়। এ ছাড়া তাঁর বোনের একটি মুঠোফোনও নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় রাস্তায় ও একটি বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মাহাবুব মল্লিক (৩৯), তাঁর ক্যান্সারে আক্রান্ত মা রিজিয়া বেগম (৭০) এবং বোন রেহেনা মল্লিক (৪৩) আহত হয়েছেন। পরে তারা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাও উপস্থিত ছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”