দৈনিক খুলনা
The news is by your side.

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী, কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার

23

বেনাপোল :

আজ ৫ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শার্শা উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, তাঁর পরিবারের সদস্য এবং সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর ছেলে এসএম গোলাম মোস্তফা কামাল, মেয়ে সুফিয়া খাতুন এবং নাতি নিয়ামুন ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্য।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পরে তাঁর মরদেহ শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর জন্মস্থানটি ‘নূর মোহাম্মদনগর’ নামে পরিচিত। তাঁর বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। শৈশবেই তিনি বাবা-মাকে হারান। তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।