দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন ও মতবিনিময়

129

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সুপেয় ও নিরাপদ পানির সংকট সমাধান, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।

শনিবার (২২ আগস্ট) সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর প্রতিনিধি দলটি ফকিরহাটে পৌঁছায়।

প্রতিনিধি দলটি প্রথমে ফকিরহাট ডাকবাংলোয় স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার সুপেয় পানির সংকটসহ ড্রেনেজ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক এবং ফকিরহাটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দলটি ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মরা গাঙ, কাটাখাল এবং ফকিরহাট সদর এলাকার ওপর দিয়ে প্রবাহিত ভৈরব নদসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনগণের পানিসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন তারা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় উপ-প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে নদী ও খালের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। স্থানীয় বাস্তবতা বিবেচনায় পানি সংকটসহ অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।